চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যসহ দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশার উদ্দিন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আহমেদ কাজল এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রতিনিয়ত জনস্বার্থে কাজ করেন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সাংবাদিকদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা সুস্থ থাকলে তারা আরও নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘চাঁদপুর প্রেসক্লাবের এ ধরনের স্বাস্থ্যসেবা উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাংবাদিকদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সমাজের বিভিন্ন পেশাজীবীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হওয়া উচিত।’
সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, ‘সদস্যদের পেশাগত ব্যস্ততার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অনেক সময় সম্ভব হয় না। সেই বিষয়টি বিবেচনায় রেখে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসক্লাব এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ও মেডিসিন বিভাগের চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।
শরীফুল ইসলাম/কেজে/এএসএম








