‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (১৮ জুলাই) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সবুজ ও প্রাণবন্ত বাংলাদেশ গড়তে সবুজ বিপ্লবের বিকল্প নেই। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে ইতিমধ্যে ৫০ হাজার গাছ লাগানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পক্ষকালব্যাপী (১৫ দিন) এই মেলায় ফলজ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। এর আগে মেলা উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।