নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আবদুর রহমান সুমন নামে এক উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চৌমুহনীর নতুন ভিআইপি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান সুমন পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি চৌমুহনী পৌরসভা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে কৃষি কর্মকর্তা আবদুর রহমান সুমন মোটরসাইকেল যোগে ভিআইপি সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ভিআইপি সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহসহ গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘মরদেহের সুরতহাল তৈরি এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইকবাল হোসেন মজনু/কেজে/এএসএম








