ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস’ মদসহ আনিচুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (১৮ জুলাই) ভোর পাঁচটার দিকে মাটিলা বিওপির আওতাধীন মাটিলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়।আটক আনিচুর রহমান মহেশপুর উপজেলার মগদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল মাটিলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে আনিচুরকে আটক করার পর তার কাছ থেকে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে মাদকসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদক নির্মূলে পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।