ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার সিডস্টোর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনা জেলার রুমেল (২৫)। তারা দুজনই দৈনিক চুক্তিভিত্তিক বহিরাগত শ্রমিক হিসেবে কারখানায় কাজ করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পানি শোধনাগারের ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয়। প্রথমে শফিকুল ইসলাম ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে রুমেলও ট্যাংকের ভেতরে নামেন। পরে দুজনকেই ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সহকর্মীরা তাদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুরে দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার্থীসহ পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জাগো নিউজকে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, নিহতরা কারখানার স্থায়ী শ্রমিক ছিলেন না। তারা দৈনিক চুক্তিভিত্তিক কাজ করতে এসেছিলেন। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম বলেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হোসাইন সুলভ/এনএইচআর








