ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা–পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ওই নারী ও তাঁর শিশু সন্তান পুলিশ হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ভারতীয় ওই নারী ও তার সন্তান বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ওই নারী বৈধ উপায়ে তার দেশে ফিরতে পারবেন বলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। তবে ঘটনা ঘটল ভিন্ন।
ভুক্তভোগী নারী রেশমা খাতুনের দাবি, তিনি ভারতের বাসিন্দা। তাঁর ৩ সন্তান ও স্বামী আছে, দুই সন্তানসহ তাঁর স্বামী ভারতে আছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাঁকেসহ কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাঁকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশে তাঁর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় চরম বিপাকে পড়েন ওই নারী। পরে স্থানীয় ও পথচারীর সহায়তা তাকে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। রেশমা ও তাঁর সন্তানও এমনই ভুক্তভোগী।








