জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহীতে যাত্রা শুরু করল ‘নজরুল ভিলেজ’। নতুন প্রজন্মের মধ্যে কবির সাহিত্য, সংগীত, নাটক ও মানবিক দর্শনের চর্চা ছড়িয়ে দিতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই সাংস্কৃতিক প্রাঙ্গণ গড়ে তোলা হয়েছে।শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে ‘নজরুল ভিলেজ’-এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মন্ত্রী প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘নজরুল ভিলেজ’-এর নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে আমন্ত্রণ জানিয়ে এর চূড়ান্ত উদ্বোধন করা হবে। জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিশীল চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক জানান, নজরুল ভিলেজ কেবল একটি স্থাপনা নয়; এটি হবে সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চার স্থায়ী উন্মুক্ত কেন্দ্র। প্রকল্পের মূল আকর্ষণ হিসেবে একটি আধুনিক ‘নজরুল মঞ্চ’ এবং একটি ‘নজরুল কর্নার’ নির্মাণ করা হবে। এখানে নিয়মিত কবিতা আবৃত্তি, নাট্যাভিনয়, সাহিত্য আলোচনা ও পাঠচক্র অনুষ্ঠিত হবে।প্রকল্পের নকশা নিয়ে জেলা প্রশাসক আরও জানান, এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না। সম্পূর্ণ উন্মুক্ত ও পরিবেশবান্ধবভাবে বৃক্ষশোভিত একটি প্রাঙ্গণ গড়ে তোলা হবে, যেখানে শিল্পী ও গবেষকেরা প্রাকৃতিক পরিবেশে সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উৎস থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। আগামী মাসের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই প্রাঙ্গণে আয়োজনের লক্ষ্যে দ্রুত নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
রাজনীতি
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন

শেয়ার করুন







