সরকারের সমালোচনা করা যাবে, তবে স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি হয়।

আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে। তবে কিছু সাংবাদিক স্বাধীনতার সুযোগ নিয়ে বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন করছেন, যা সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন। কিন্তু স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না। দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে, আর অপপ্রচার শুধু বিভ্রান্তি সৃষ্টি করে।

একটি সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে অতিরিক্ত প্রেস সচিব দাবি করেন, আন্দোলনে অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা খুবই সীমিত ছিল। কিন্তু সেখানে বিপুলসংখ্যক মোবাইল সাংবাদিক উপস্থিত থাকায় ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব / সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে

তিনি বলেন, কিছু মোবাইল সাংবাদিকের কার্যক্রম দেখে মনে হয়েছে, তারা সংবাদ পরিবেশনের চেয়ে পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

সরকারের বয়স মাত্র পাঁচ মাস উল্লেখ করে আতিকুর রহমান রুমন বলেন, দীর্ঘদিনের নানা সমস্যা, ঋণগ্রস্ত প্রতিষ্ঠান ও অকার্যকর ব্যবস্থাগুলো রাতারাতি ঠিক করা সম্ভব নয়। এসব সংস্কারে সময় প্রয়োজন। তাই দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমকে প্রতিপক্ষ নয়, অংশীদার হিসেবে দেখে। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/একিউএফ