লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে।
শনিবার (১৮ জুলাই) বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
অলি আহমেদ অভিযোগ করেন, ভারতে প্রতিনিয়ত মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার করছে। বিভিন্ন রকম উসকানিমূলক কথা বলছে তারা। আমরা কিন্তু এতে কান দেব না। আমরা আল্লাহর কুরআন মেনে চলি। অন্যের ওপর ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না।
তিনি বলেন, শুভেন্দু তুমি যতই লাফালাফি কর, তোমার গুন্ডারা যত কিছু বলুক, বাংলাদেশ সম্বন্ধে আমরা কুরআন থেকে কখনও বিচ্যুত হব না।
তিনি বললেন, একটি উদ্দেশ, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে আমরা ১১ দল একসঙ্গে একজোট হয়েছি। অনেকে মনে করে, আমরা জামায়াতে যোগ দিয়েছি। ১১ দল একসঙ্গে হয়েছি কারণ আমরা চাই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি ও দখলবাজি বন্ধ হোক।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে এলডিপি চেয়ারম্যান বললেন, আপনার অনেকগুলো মন্ত্রী রিলিফ বিতরণে গিয়েছেন। এটি রিলিফ বিতরণের দায়িত্বে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের দায়িত্ব। এগুলো সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনও কাজ করে তাহলে ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলোকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও জানে না। আমরা যারা বিরোধী দলের আছি, তারা আপনার শত্রু না, আপনার মিত্র।
বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাওন খান/কেএইচকে








