কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে নিকলী উপজেলার সিংপুর বাজারসংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌকার সাহায্যে উদ্ধার করেন। এর আগে সোমবার বিকেল থেকে শিক্ষার্থী তাওহিদ নিখোঁজ ছিলেন।
নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজারসংলগ্ন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে।
এসকে রাসেল/কেজে/জেআইএম








