নওগাঁর আত্রাইয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামের এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আতিকুর আত্রাই উপজেলার বারুনীতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী (সিএইচসিপি) হিসেবে কর্মরত।ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। আর শিশুকে সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াতেন। বাবা মা যখন কারখানায় চলে যায় তখন শিশুটি মাদ্রাসা থেকে এসে বাসায় একাই থাকতো। সাম্প্রতিক সময়ে ঢাকায় শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে তারা নিরাপত্তার কথা ভেবে ২ মাস আগে শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়েছিলেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গলাব্যথার ওষুধ নিতে ওই কমিউনিটি ক্লিনিকে যায় শিশুটি। তখন সেখানে কেউ না থাকার সুযোগে আতিকুর রহমান তাকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দয় এবং ধর্ষণচেষ্টা চালয়। এসময় সঙ্গে থাকা ৪ বছরের এক শিশু বাইরে থেকে চিৎকার শুরু করলে আতিকুর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।এ ঘটনায় বুধবার (১ জুলাই) রাতে শিশুটির বাবা আত্রাই থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আতিকুর আত্রাই উপজেলার মহাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।এদিকে ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বারুনীতলা এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।/