যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুউচ্চ অ্যান্টেনা স্পায়ারের চূড়ায় উঠে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বড় ব্যানার উন্মোচন করেছেন রাশিয়ার দুই দুঃসাহসিক অভিযাত্রী। স্থানীয় সময় গতকাল বুধবার ঘটে যাওয়া এই ঘটনাটি পরে এক অভিনব বিয়ের প্রস্তাবে রূপ নেয়। তবে শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হাতাকাটা কালো পোশাক পরে এবং পুরো অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করতে করতে অ্যাঞ্জেলা নিকোলাউ ও ভানিয়া বিয়ারকুস নামের ওই দুজন ভবনটির অ্যান্টেনা স্পায়ারের শীর্ষে জ্বলতে থাকা লাল আলোর কাছাকাছি অবস্থান নেন। ম্যানহাটনের মিডটাউন এলাকার ফুটপাত থেকে ওই স্থানের উচ্চতা প্রায় ১ হাজার ৪৫৪ ফুট (৪৪৩ মিটার)।

তাঁদের হাতে থাকা কালো ব্যানারে সাদা বড় অক্ষরে লেখা ছিল, ‘When the power of love beats the love of power the world knows peace’. অর্থাৎ, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করবে, তখনই পৃথিবী শান্তিকে খুঁজে পাবে।’

স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার কিছু পর আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুজন ধীরে ধীরে নিচে নেমে অ্যান্টেনা কাঠামোর একটি অপেক্ষাকৃত নিচু প্ল্যাটফর্মে দাঁড়ান। সেখানে ভানিয়া বিয়ারকুস এক হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। পরে দুজন একে অপরকে আলিঙ্গন করেন এবং চুম্বন করেন। এরপর ক্যাটওম্যান-ধাঁচের পরিচিত হেডগিয়ার পরা নিকোলাউকে নিজের হাতের আংটি দেখে সেটির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য তুলতে দেখা যায়। সুউচ্চ ভবনের চূড়ায় ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য পরিচিত এই যুগলকে নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সে ‘স্কাইওয়াকারস: আ লাভ স্টোরি’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ভবনটির আশপাশের সড়ক বন্ধ করে দেয়। পরে পুলিশ জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই যুগলকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজন হলেন ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ এবং ৩২ বছর বয়সী ইভান কুজনেৎসভ। তাঁদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, অপরাধমূলক ক্ষতিসাধন, অপরাধমূলকভাবে স্থাপনায় হস্তক্ষেপ, অবৈধ অনুপ্রবেশ এবং বিশৃঙ্খল আচরণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

এনওয়াইপিডির একজন মুখপাত্র বলেন, ওই যুগল তখনও পুলিশ হেফাজতে ছিলেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁরা কীভাবে অ্যান্টেনা স্পায়ারে প্রবেশাধিকার পেয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে এম্পায়ার স্টেট বিল্ডিংসহ নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন তীব্র তাপপ্রবাহের মধ্যেও নিউইয়র্ক শহর উৎসবমুখর পরিবেশে রয়েছে। সংগীতশিল্পী টেইলর সুইফট ও ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বড় ধরনের জনসমাগমেরও প্রস্তুতি চলছে।

দীর্ঘ কয়েক দশক বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত থাকা আর্ট ডেকো স্থাপত্যশৈলীর এম্পায়ার স্টেট বিল্ডিংটি ১৯৬০-এর দশকে সেই অবস্থান হারায়। বর্তমানে ভবনটির ১০২ তম তলার আবদ্ধ পর্যবেক্ষণ ডেকে ওঠার জন্য পর্যটকদের কাছে টিকিট বিক্রি করা হয়। তবে ওই ডেকের ওপরে থাকা প্রায় ২০০ ফুট (৬১ মিটার) উঁচু অ্যান্টেনা স্পায়ারে দর্শনার্থীদের ওঠার অনুমতি নেই।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন মুখপাত্র বুধবারের ঘটনাকে "অননুমোদিত ঘটনা" হিসেবে বর্ণনা করে বলেন, ওই যুগল চাইলে ভবনটির ১ হাজার ডলারের ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ ব্যবহার করে পর্যবেক্ষণ ডেক ভাড়া নিয়ে নিরাপদে বিয়ের প্রস্তাবের আয়োজন করতে পারতেন।

এদিকে, নিকোলাউর বাবা রুশ সার্কাসশিল্পী দিমিত্রি নিকোলাউ সাংবাদিকের জানান, তিনি মেয়ের এই অভিযানের বিষয়ে অবগত ছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের সংবিধান অনুযায়ী ছাদে ওঠা স্বাভাবিক বিষয়।’ মেয়ের গ্রেপ্তার নিয়ে তিনি উদ্বিগ্ন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি উদ্বিগ্ন হব কেন? আমিও তো ছাদে উঠি।’