হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনডায়া এখন ব্যস্ত সময় পার করছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে। বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের পরিচালনায় নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করছেন গ্রিক পুরাণের দেবী অ্যাথেনার চরিত্রে। তবে এত বড় প্রজেক্টে কাজের প্রথম দিনটি তার জন্য মোটেও সহজ ছিল না। বরং শুটিংয়ের শুরুতেই সংলাপ বলতে গিয়ে বিপাকে পড়েছিলেন এ তারকা।

সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জেনডায়া জানিয়েছেন, ‘দ্য ওডিসি’র প্রথম দিনের শুটিংয়ে তিনি বারবার সংলাপ গুলিয়ে ফেলছিলেন। বিষয়টি তার নিজের কাছেও ছিল বেশ অস্বস্তিকর। কারণ, শুটিংয়ের আগে তিনি সংলাপ ভালোভাবেই প্রস্তুত করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।

জেনডায়ার ভাষ্য, প্রথমবার ক্রিস্টোফার নোলানের সেটে কাজ করাটা ছিল যথেষ্ট চাপের। একজন নির্মাতা হিসাবে নোলানের খ্যাতি ও কাজের ধরন তাকে স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস করে তুলেছিল। তার ওপর সেদিন শুটিং হচ্ছিল আইসল্যান্ডের তীব্র শীতের মধ্যে।

অভিনেত্রী বলেন, ‘আমি সংলাপগুলো খুব ভালোভাবে প্রস্তুত করেছিলাম। কিন্তু নিজেই নিজের ওপর এত বেশি চাপ নিয়েছিলাম যে বিষয়টি উলটো হয়ে যায়। তার ওপর প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার মুখ যেন জমে গিয়েছিল। মুখ নড়ছিল না, শব্দও ঠিকমতো বের হচ্ছিল না। সংলাপের বদলে শুধু অস্পষ্ট কিছু শব্দ বের হচ্ছিল। মুহূর্তটি ছিল ভীষণ বিব্রতকর।’

তবে সেই অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্যেও কাজের প্রতি তার উচ্ছ্বাস ছিল প্রবল। জেনডায়া জানান, দীর্ঘদিন ধরে যাদের কাজ দেখে মুগ্ধ হয়েছেন, তাদের সঙ্গে একই সেটে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পাওয়া তার জন্য ছিল বিশেষ সম্মানের। তিনি বলেন, ‘এ ধরনের মুহূর্তে নিজেকে সামলে নিয়ে কাজে মনোযোগ দিতে হয়। কিন্তু আমি সেখানে থাকতে পেরে ভীষণ আনন্দিত ছিলাম। একইসঙ্গে নিজের সেরাটা দেওয়ার জন্যও উদ্গ্রীব ছিলাম।’

হোমারের কালজয়ী মহাকাব্য ওডিসি অবলম্বনে নির্মিত সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে ট্রোজান যুদ্ধ শেষে রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশ প্রত্যাবর্তনের যাত্রাকে কেন্দ্র করে। সিনেমায় ওডিসিউসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। এ ছাড়া তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় আছেন অ্যান হ্যাথাওয়ে এবং পুত্র টেলিম্যাকাসের চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে।

বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং ক্রিস্টোফার নোলানের নির্মাণশৈলীর কারণে ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেই সিনেমার শুটিংয়ের প্রথম দিনের বিব্রতকর কিন্তু মানবিক অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জেনডায়া যেন মনে করিয়ে দিলেন, বিশ্বখ্যাত তারকারাও কখনো কখনো মঞ্চভীতি আর প্রতিকূল আবহাওয়ার কাছে অসহায় হয়ে পড়েন।