জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর প্রথম ওডিআইতেও একই ভাগ্যবরণ করতে হলো বাংলাদেশকে। হারারেতে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে ৩৪ ওভারের মধ্যে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ২৫ রানে। স্বাগতিক জিম্বাবুয়েকে ১৪১ রানে গুটিয়ে দিয়েও মেহেদী হাসান মিরাজের দল চরম ব্যাটিং ব্যর্থতার জন্য এই ম্যাচ হেরেছে। নবম উইকেটে নিয়ামহুরি ও এনগারাভার ৬৩ রানের জুটির সহায়তায় ১৪১ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। ম্যাচসেরা নিয়ামহুরি ৫১ বলে ৩৩ রান করার পর ২২ রানে দুটি উইকেট নেন। অধিনায়ক রিচার্ড এনগারাভা ২৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাহিদ রানা। এই পেসার ২১ রানে ছয় উইকেট নেন।

কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তার কীর্তি ম্লান করে দেন। বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের রান করেন মাত্র তিনজন ব্যাটার-তাওহিদ হৃদয় ২৫, নুরুল হাসান ৩১ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১০। জিম্বাবুয়ের এনগারাভা (৩/৩১) ও ব্র্যাড ইভান্স (৩/৩৪) ছয় উইকেট সমান ভাগ করে নেন। দুটি করে উইকেট পান ব্লেসিং মুজারাবানি ও নিয়ামহুরি।