জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে লিটন দাস ছিটকে গেছেন আগেই। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন তাই টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখেননি নির্বাচকরা। মাঝে আছে ওয়ানডে সিরিজ। কিন্তু চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় লিটনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
ওয়ানডে দলের ক্রিকেটার মিরাজ, তাসকিন, শরিফুল, রিশাদরা এরই মধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গেছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। আলাদা করে সাদা বলে করছেন অনুশীলন। অন্যদিকে লিটন এখনও দেশের মাটিতেই অবস্থান করছেন। চোট থেকে যদিও সেরে ওঠার পথেই আছে, কবে তিনি যেতে পারবেন, নিশ্চিত নয় এখনও। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, তার সেরে উঠতে আরও এক সপ্তাহের মতো সময় দরকার। প্রথম ওয়ানডেতে এই কিপার-ব্যাটসম্যানকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সম্ভবনা আছে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যাওয়ার।
সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে তৃতীয় ওয়ানডেতে বাঁ পায়ের পেশির চোটে পড়েন লিটন। ওই ম্যাচে ৪৮ রানের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে মাঠে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন। ব্যাটিং করলেও চোটের কারণে ম্যাচের দ্বিতীয় পরের ভাগে মাঠে নামতে পারেননি তিনি। জাতীয় দলের ফিজিও সোমবার ভিডিও বার্তায় জানান লিটনের চোটের সবশেষ অবস্থা।
“লিটন কুমার দাস বাঁ পায়ের কাফ মাসেলের ইনজুরিতে ভুগছেন। এটি এখনও গ্রেড-১ পর্যায়ে আছে। সাধারণত ২-৩ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা। ইতিমধ্যে দুই সপ্তাহ পার হয়েছে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। (জিম্বাবুয়েতে) প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে পাস করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে।”
জিম্বাবুয়েতে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে এখন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার।








