বলিউডে নিজের অভিনয়জীবনের শুরু থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত তাপসী পান্নু। কখনো আদালতকেন্দ্রিক নাটক, কখনো মনস্তাত্ত্বিক থ্রিলার, আবার কখনো ক্রীড়াভিত্তিক গল্প, বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি স্বপ্নের কথা। তাপসী জানিয়েছেন, একদিন তিনি ভারতীয় সংস্করণের ‘ওয়ান্ডার ওম্যান’ হয়ে পর্দায় হাজির হতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অ্যাভেঞ্জার্স-এর মতো বড় পরিসরের ভারতীয় সুপারহিরো সিনেমায় অভিনয় করার ইচ্ছা তার দীর্ঘদিনের। বিশেষ করে ভারতীয় ধাঁচের একজন নারী সুপারহিরো চরিত্রে নিজেকে কল্পনা করতে ভালোবাসেন তিনি। তাপসী বলেন, ‘আমি সবসময়ই এমন একটি বড় ভারতীয় সিনেমার অংশ হতে চেয়েছি, যেখানে আমি ভারতীয় সংস্করণের ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করতে পারি। এমন একটি চরিত্র সবসময়ই আমাকে আকর্ষণ করেছে।’
তবে স্বপ্ন দেখলেও বাস্তবতার কথাও ভুলে যাননি এ অভিনেত্রী। তার মতে, হলিউডের সুপারহিরো সিনেমার সঙ্গে ভারতীয় সিনেমার বর্তমান অবকাঠামো ও বাজেটের পার্থক্য এখনো অনেক বড়। তিনি বলেন, ‘আমি আশা করি একদিন এমন একটি সিনেমা তৈরি হবে। কিন্তু হলিউডে যে প্রযুক্তি ও বাজেট ব্যবহার করা হয়, তা এখনো আমাদের নাগালের বাইরে।’
বিশ্বজুড়ে সুপারহিরো সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে মার্ভেল ও ডিসির সিনেমাগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাফল্য পেয়েছে। অন্যদিকে ভারতে সুপারহিরো ঘরানার কিছু সিনেমা নির্মিত হলেও সেগুলোর সংখ্যা তুলনামূলকভাবে কম। ‘কৃষ’, ‘রা.ওয়ান’ কিংবা সাম্প্রতিক কিছু ভিজ্যুয়াল এফেক্টনির্ভর সিনেমা দর্শকদের আগ্রহ তৈরি করলেও এখনো আন্তর্জাতিক মানের সুপারহিরো ইউনিভার্স গড়ে ওঠেনি।
তাপসীর মতে, ভারতীয় গল্প ও সংস্কৃতির ভেতরেই অসংখ্য সুপারহিরো চরিত্র তৈরির সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, উন্নত প্রযুক্তি এবং বড় পরিসরের বিনিয়োগ। এদিকে অভিনয় ক্যারিয়ারে তাপসী বরাবরই চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিয়েছেন। ‘পিঙ্ক’-এ নারীর অধিকার, ‘বদলা’-য় রহস্য, ‘মনমর্জিয়াঁ’-য় সম্পর্কের জটিলতা, ‘হাসিন দিলরুবা’-য় রোমান্টিক থ্রিলার, ‘রাশমি রকেট’-এ ক্রীড়াবিদের সংগ্রাম এবং ‘ব্লার’-এ মনস্তাত্ত্বিক উত্তেজনা, প্রতিটি কাজেই তিনি ভিন্নধর্মী অভিনয়ের পরিচয় দিয়েছেন। ফলে একজন সুপারহিরো চরিত্রে তাকে দেখার আগ্রহও কম নয় দর্শকদের মধ্যে।
এদিকে সামনে নেটফ্লিক্সে মুক্তি পাবে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’। সর্বশেষ তাকে দেখা গেছে অনুভব সিনহা পরিচালিত আদালতকেন্দ্রিক সিনেমা ‘আসি’-তে।








