বোনের বিয়ে মানেই আনন্দ আর বিশেষ আয়োজন। আর সেই বিশেষ মুহূর্তগুলোতেই নিজের অনবদ্য স্টাইল দিয়ে সবার নজর কাড়লেন বলিউড অভিনেত্রী খুশি কাপুর। বোন অংশুলা কাপুরের বিয়ের প্রতিটি আয়োজনে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন লুকে। ফ্যাশনপ্রেমীদের কাছে খুশি কাপুরের স্টাইল বরাবরই অনুপ্রেরণার। তাই ভাইবোন কিংবা ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে কীভাবে নিজেকে স্টাইলিশ ও ট্রেন্ডি করে তুলবেন, তার দারুণ কিছু আইডিয়া মিলতে পারে খুশির এই লুকগুলো থেকে। প্রতিটি লুকেই ছিল নিজস্ব আবেদন, যা সহজেই হতে পারে আপনার পরবর্তী ওয়েডিং সিজনের স্টাইলে অনুপ্রেরণা। চলুন, দেখে নেওয়া যাক খুশি কাপুরের পাঁচটি নজরকাড়া ওয়েডিং লুকের আদ্যোপান্ত।

ব্যাচেলর পার্টি, মেহেদি, গায়েহলুদ, বিয়ের মূল অনুষ্ঠান থেকে শুরু করে রিসেপশন—প্রতিটি উপলক্ষের জন্য খুশি কাপুর বেছে নিয়েছেন আলাদা কালার প্যালেট, কাট ও অলংকরণের পোশাক। প্রতিটি লুকেই ছিল নিজস্ব আবেদন, যা সহজেই হতে পারে আপনার পরবর্তী ওয়েডিং সিজনের স্টাইলে অনুপ্রেরণা।

প্যাস্টেল পিস্তাচিও-সবুজ লেহেঙ্গায় স্বপ্নিল খুশি কাপুর

খুশি কাপুর নজর কাড়েন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি প্যাস্টেল পিস্তাচিও-সবুজ লেহেঙ্গায়। এ-লাইন সিলুয়েটের ভলিউমিনাস স্কার্টজুড়ে ফুটে উঠেছে ফুলেল এমব্রয়ডারি, যার সঙ্গে মেটালিক ডিটেইলিং যোগ করেছে রাজকীয় আভা।

পোশাকটি যেন বাগান অনুপ্রাণিত কোনো স্বপ্নিল সৌন্দর্যের গল্প বলছে। লেহেঙ্গার সঙ্গে তিনি পরেছিলেন ভারী এমব্রয়ডারি করা একটি ব্লাউজ। এতে ল্যাভেন্ডার, ব্লাশ পিংক, সেইজ গ্রিন ও আইভরি রঙের ফুল ও লতাপাতার নকশা দারুণভাবে ফুটে উঠেছে।

ব্লাউজের নেকলাইনের ওপর শিয়ার নেটের ইলিউশন ইয়োক ডিজাইন পুরো লুকে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। এর সঙ্গে ছিল একই প্যাস্টেল রঙের ম্যাচিং ওড়না। একই ধরনের ফুলেল এমব্রয়ডারিতে সাজানো ছোট্ট ম্যাচিং ব্যাগটি পুরো সাজকে করেছে আরও পরিপূর্ণ। গয়নায় খুশি বেছে নিয়েছিলেন স্টেটমেন্ট কুন্দন ও পোলকি সেটের সঙ্গে ড্রপ ইয়াররিং। ব্লাশ পিংক পাথর বসানো টিকলি, চুড়ি, ব্রেসলেট ও আংটি তাঁর রাজকীয় সাজকে আরও উজ্জ্বল করে তুলেছে।

চুলে ছিল মাঝখানে সিঁথি করে করা স্লিক হাফ-আপ হেয়ারস্টাইল। পেছনে ফুল ও পাথরের অলংকরণ চুলের সাজে এনেছে বাড়তি সৌন্দর্য। মেকআপেও ফুটে উঠেছে সতেজ আবহ—ডিফাইন্ড ভ্রু, উইংড আইলাইনার, হালকা ব্লাশ এবং ন্যুড পিংক লিপস্টিক তাঁর পুরো লুককে দিয়েছে কোমল, স্বপ্নিল এক আবেদন।

ব্লাশ পিংক শারারায় গ্ল্যামারাস আবহ

ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ‘এভার ব্লুম’ ফ্লোরাল শারারা সেটে যেন দ্যুতি ছড়াচ্ছেন সুন্দরী। ব্লাশ পিংক রঙের এই শারারা সেটটির ওপর যেন ছড়িয়ে আছে ফুলেল এমব্রয়ডারি, সিকুইন ও বিডওয়ার্ক ।

ফিটেড বডিসে ক্রিস্টাল অলংকরণে সাজানো ইলিউশন নেকলাইন আছে। ভারী অলংকরণ করা পেপলামের সঙ্গে ভলিউমিনাস শারারা প্যান্ট আর হাতে আলতোভাবে জড়ানো শিয়ার এমবেলিশড ওড়না পুরো লুকে এনে দিয়েছে রোমান্টিক আবহ।
গয়নায় খুশি বেছে নিয়েছিলেন পান্না ও হীরার নেকলেস এবং ম্যাচিং দুল।

সবুজ পাথরের উজ্জ্বলতা প্যাস্টেল পোশাকের সঙ্গে দারুণ বৈপরীত্য তৈরি করেছে। হাতে ছিল বিডেড হার্ট ক্লাচ। মেকআপে সফট ব্রোঞ্জড বেজ ও গ্লসি ন্যুড ঠোঁট। হাফ-আপ হেয়ারস্টাইলের সঙ্গে ঢেউখেলানো খোলা চুল তাঁর লুকের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।

টিস্যু শাড়িতে এলিগ্যান্ট মেহেদি লুক

মেহেদি অনুষ্ঠানের জন্য খুশি কাপুর বেছে নিয়েছিলেন অলিভ গোল্ড টিস্যু শাড়ি। তবে পুরো লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর স্টেটমেন্ট ব্লাউজটি।

জাদাউ অনুপ্রাণিত এই ব্লাউজ ভারী অলংকরণে সাজানো। জেমস্টোন, মুক্তা ও জরির কারুকাজে সজ্জিত ব্লাউজটি তাঁর সাজে এনে দিয়েছে রাজকীয় আভা।

স্টাইলিং ছিল একেবারেই মিনিমাল। স্টাড কানের দুল, চুড়ি ও আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেন তিনি। মেকআপ ছিল ন্যাচারাল, আর চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা। হাতে স্টাইল করে নিয়েছেন ক্রিস্টাল-স্টাডেড ব্যাগ।

রিসেপশনে লেহেঙ্গায় নজরকাড়া উপস্থিতি

অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে খুশি কাপুর পরেছিলেন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাক। একটি নজরকাড়া ডিপ ফুশিয়া করসেটেড লেহেঙ্গায় তিনি উপস্থিত হন।

আধুনিক সিলুয়েট আর নিখুঁত হ্যান্ডক্রাফটের সমন্বয়ে তৈরি এই পোশাকটি তাঁর রিসেপশন লুককে দিয়েছে অনন্য আবেদন। করসেট স্টাইলের স্ট্র্যাপলেস ব্লাউজটির সঙ্গে লেহেঙ্গাজুড়ে একই রঙের বিডওয়ার্ক ও জারদৌসি কারুকাজ করা হয়েছে।

লুকটি সম্পূর্ণ করতে খুশি গলায় পরেছিলেন একই রঙের স্টোন বসানো মিনিমাল চোকার এবং হাতে শোভা পাচ্ছে ঝলমলে ক্রিস্টাল অলংকৃত ব্যাগ। মেকআপে রেখেছেন সফট গ্ল্যাম লুক। নজরকাড়া আই লুক, উষ্ণ টোনের ব্লাশ ও ন্যুড লিপস্টিক।

মাঝখান থেকে সিঁথি করে রাখা ওয়েভি খোলা চুল পুরো লুকটিকে আরও গ্ল্যামারাস করে তুলেছে। হাতে আঁকা মেহেদির নকশাও এই উৎসবের সাজে যোগ করেছে ঐতিহ্যের সুন্দর ছোঁয়া।

রঙিন লেহেঙ্গায় ম্যাক্সিমালিস্ট ফ্যাশনের প্রকাশ

বিয়ের আরেকটি আয়োজনে খুশি কাপুর পরেছিলেন অনামিকা খান্নার বহু রঙের একটি লেহেঙ্গা, যা ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পকে আধুনিক গ্ল্যামারের সঙ্গে একসুতোয় গেঁথেছে।

লেহেঙ্গার প্রতিটি প্যানেলের নকশা ছিল আলাদা। প্যাচওয়ার্ক অনুপ্রাণিত এই স্কার্টে ব্রোকেড, ফুলেল মোটিফ এবং সূক্ষ্ম এমব্রয়ডারির সমন্বয়ে রুবি, প্লাম, পান্না, গোল্ড ও ফুশিয়া রঙের ব্যবহার দেখা গেছে।

ভারী এমব্রয়ডারি করা ব্লাউজের সঙ্গে জরি বর্ডার দেওয়া রাজকীয় বেগুনি ওড়না পুরো লুকে নাটকীয়তা ও আভিজাত্য দুটোই যোগ করেছে। এমেরাল্ড অ্যাকসেন্টেড চোকার ও চুড়ি পরে সেজেছেন।

পাশাপাশি স্টেটমেন্ট কানের দুল ও টিকলি লুকে এনেছে পুরোনো দিনের রাজকীয় আবেদন।