পাবনার সাঁথিয়ায় প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘূনাথপুর পুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী বাদশা আলীর স্ত্রী, দুই সন্তানের জননীকে থানায় নেওয়া হয়েছে।

নিহত আলিফ উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘূনাথপুর পুটি পাড়া গ্রামের রোজ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়া প্রবাসী বাদশা আলীর স্ত্রীর ঘরে আলিফ গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন,`বাদশার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আজ দুপুরে লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।'