পাবনার আতাইকুলায় গৃহবধূর তিন আঙুল কেটে নেওয়ার মূলহোতা নান্নু বাহিনীর বিরুদ্ধে এবার সরকারি ভিজিডি, ভিজিএফ ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। নান্নুর নেতৃত্বে একটি প্রতারক চক্র গ্রামের সহজ-সরল নারীদের কাছ থেকে এসব সরকারি ‘ভাতাকার্ড’ দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা যায়, সম্প্রতি চক্রটির খপ্পরে পড়ে নিজেদের কষ্টার্জিত প্রায় অর্ধলাখ টাকা খুইয়েছেন দুই দুস্থ নারী। টাকা ফেরত চাইলে উলটো নানা হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারীরা গত ৩ জুলাই আতাইকুলা থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে চক্রের মূলহোতা নান্নুসহ ওই চক্রের অন্য পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন-পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল দক্ষিণপাড়া গ্রামের কেরু প্রামাণিকের ছেলে মো. নান্নু প্রামাণিক ও সাদ্দাম প্রামাণিক, মুন্তাজ প্রামাণিকের ছেলে মুক্তার প্রামাণিক, মৃত জয়েন প্রামাণিকের ছেলে কেরু প্রাং ও মুক্তার প্রামাণিকের ছেলে সিয়াম প্রামাণিক। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, নান্নু ও তার সহযোগীরা বেশ কিছু দিন ধরে একটি প্রতারক চক্র তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তারা সহজে সরকারি বিভিন্ন ভাতাকার্ড পাইয়ে দিতে পারে বলে প্রলোভন দেখাচ্ছিল। দুই মাস আগে শ্রীকোল (লক্ষ্মীকোল) গ্রামের মোছা. রুশনী খাতুন ভাতাকার্ডের আশায় নান্নুকে ৩০ হাজার টাকা দেন। একইভাবে একই গ্রামের হামিদা খাতুনও ধারদেনা করে ২০ হাজার টাকা তুলে দেন নান্নুর হাতে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ সময় পরও নান্নু তাদের ভিজিডি, ভিজিএফ কিংবা ফ্যামিলি কার্ডের কোনোটিই দেয়নি। রুশনী খাতুন বলেন, কার্ডের কথা বললেই নান্নু টালবাহানা করে কালক্ষেপণ করতে থাকে। এ অবস্থায় দুই নারীকে তারা ভয়ভীতি ও হুমকি দেখাতে শুরু করে। তিনি বলেন, আমরা গরিব মানুষ, কষ্টের টাকা হারিয়ে এখন দিশেহারা।

একই ধরনের ক্ষোভ ও কষ্টের কথা জানান হামিদা খাতুনও। পারিবারিক সূত্রে জানা গেছে, রুশনী খাতুনের ছেলে বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। মায়ের টাকা ফেরত চাইলে নান্নু তাকেও হুমকি দেয়। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্যের কাছে ঘুরেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই নান্নু ও তার বাহিনীর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে। গত ২ জুলাই রাতে শ্রীকোল গ্রামে সন্ত্রাসী কায়দায় এক গৃহবধূর তিনটি আঙুল কেটে নেওয়ার অপরাধে এই নান্নু বাহিনীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, ভাতাকার্ডের নামে এই চক্রটি আরও অনেকের কাছ থেকেই কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।

প্রধান অভিযুক্ত নান্নু প্রামাণিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, ভুক্তভোগী নারীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।