মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম তুষারের নেতৃত্বে মৎস্য বিভাগ একটি অভিযান পরিচালনা করে। ঘোড়দৌড় বাজার থেকে মেদিনীমণ্ডল পর্যন্ত পদ্মা নদীর অংশে চালানো এই অভিযানে ৫৭টি মালিকবিহীন অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।একই সময়ে পদ্মা সেতুর পূর্ব ও পশ্চিম অংশে পৃথক অভিযান চালায় নৌপুলিশ। পদ্মা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাজহার ইসলামের নেতৃত্বে এই অভিযানে ১২০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানায়, জব্দ করা জালগুলোতে কোনো মাছ পাওয়া যায়নি।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম তুষার বলেন, ‘দেশীয় প্রজাতির ছোট মাছ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের জাল ব্যবহার নিষিদ্ধ। অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’