টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর মাটি ও গাছ উপড়ে পড়ায় সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ। এই সড়ক দিয়েই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। পাহাড়ধসের ফলে সড়কের উভয় পাশে শত শত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি বেড়ে যাওয়ায় সড়কের পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। সড়কের ওপর মাটির স্তূপ ও গাছ পড়ে থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি অপসারণের কাজ শুরু করেন। সড়কটি দ্রুত সচল করতে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে মাটি ও গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।