ঢাকার পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মুন্না ওরফে রেড মুন্না (৩৬)।

শনিবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুপুরে পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতারে করে। এসময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় আদালতে বিচারাধীন আছে। মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর