পার্বত্য চট্টগ্রামে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত সংগঠনটির অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে সরকার পার্বত্য চুক্তি লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় চালাচ্ছে বলে দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শুরুতে রাঙামাটির এমপি দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দেয়, যা ছিল চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে চুক্তি লঙ্ঘন করা হয়। পরে তাকে সরানোর দাবি উঠলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এরপর দীপেন দেওয়ান পদত্যাগ করলেও এখন পর্যন্ত ওই পদে কোনো জুম্মকে নিয়োগ দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্য অঞ্চলে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫৪ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১০ জনকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ২৪টি। এসব ঘটনায় ৪৫ জন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউপিডিএফ (প্রসিত), মগপার্টি হিসাবে পরিচিত মারমা লিবারেশন পার্টি, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসহ বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ১২টি অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দুজনকে হত্যা করা হয়েছে। এছাড়া ২৭ জন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।








