পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি তেল কম, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি. ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম দেওয়ার প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনটিকে চার লাখ টাকা জরিমানা ও চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেন।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।

এনএইচ/এমএমকে