দেশের ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড জানিয়েছে, কোনো এলাকায় বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বন্যার পূর্বাভাসের বিষয়টি বোর্ডের নজরে রয়েছে। কোনো জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওই এলাকার এইচএসসি পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রের কাছাকাছি নিরাপদ স্থানে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। কোন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।