বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ নিয়ে সমালোচনা থামছেই না। অনেকের দাবি, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ায় লিওনেল স্কালোনির দল শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছেছে। তবে এমন সব মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
তার দাবি, প্রতিপক্ষ বেছে দেয়নি ফিফা, মাঠের ফলাফলই নির্ধারণ করেছে কার বিপক্ষে খেলতে হবে। একই সঙ্গে বিশ্বকাপ শুরুর আগে আঙুল ভেঙে যাওয়ার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।
স্পেনের বিপক্ষে ফাইনালের আগে মার্তিনেজ বলেন, ‘মানুষ প্রতিপক্ষ নিয়ে নানা মতামত দেয়। কিন্তু প্রতিপক্ষ আমরা ঠিক করি না, কে আমাদের সামনে আসবে সেটাও আমাদের হাতে নেই।’
তিনি স্মরণ করিয়ে দেন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল পর্তুগালের, ‘আমাদের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু কলম্বিয়া পর্তুগালের বিপক্ষে দারুণ খেলেছে এবং তাদের হারিয়েছে। এরপর সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারায়। তাই আমাদের খেলতে হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রচণ্ড গরমে খুব কঠিন একটি ম্যাচ খেলতে হয়েছে।’
এভাবে তিনি ফিফা আর্জেন্টিনাকে সহজ পথ করে দিয়েছে- এমন অভিযোগও সরাসরি নাকচ করে দেন। ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
‘রোববার খুব গরম আবহাওয়ায় ফাইনাল হবে। আমাদের সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, ভালো খেলতে হবে এবং জিততে হবে। আমার মনে হয়, আমাদের মতো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে এমন দল আর নেই। ভুলের সুযোগ খুবই কম। আমরা রক্ষণে কিছু ভুল করেছি, কিন্তু দলে যদি এমন কেউ থাকে যে এক বা দুটি গোল করতে পারে, তাহলে শুধু ক্লিন শিট রাখলেই আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
এবারের ফাইনালে স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন এমিলিয়ানো মার্তিনেজ এবং আর্জেন্টিনা।
আরআর/আইএইচএস/








