শুভেচ্ছা উপহার হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১১শ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনপ্রিয় জাতের আম্রপালি ও হাঁড়িভাঙা প্রজাতির আম পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে ১১শ কেজি আম। এর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্যগুলোর স্বনামধন্য ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসাবে বণ্টন করা হবে।








