লালমনিরহাটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় নাগরিকদের অবৈধভাবে খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে পিছু হটে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, আন্তর্জাতিক মেইন পিলার ৮৪৫/১-এস ও ৮৪৫/২-এস-এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা স্থানীয় ভারতীয় নাগরিকদের সহযোগিতায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি অপসারণ করেন। পরে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন।
আরও পড়ুন
ফুটবল খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেফতার
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের কাজে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে সরে যায়।
আরও পড়ুন
রাবি শিক্ষার্থীকে মারধর, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মহসীন ইসলাম শাওন/এফএ/এএসএম








