নতুন একটি গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। এটি লিখেছেন আমিরুল ইসলাম অরুন, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এখন মানুষ আর আগের মতো প্রবল আগ্রহ নিয়ে গান শোনেন না। মানুষ এখন যা কিছু ভাইরাল তাতেই যেন একটু মনোযোগী। কিন্তু তাতে আমাদের সংস্কৃতির খুব ক্ষতি হচ্ছে। যে কারণে এখন গান প্রকাশ পেলে আলাদাভাবে কেমন সাড়া পাচ্ছি তা বলা মুশকিল। তবে কাছের মানুষজনের কাছে গানটি বিশেষভাবে মূল্যায়িত হলে তাও ভালোলাগার। আমি বিশ্বাস করি যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাদের ভালো লাগবে।’ এ সংগীতশিল্পী গত কয়েক বছর গান গাওয়ার পাশাপাশি সুরও করছেন। তার বাবাও সুর করতেন। বাবার পথেই হাঁটছেন তিনি। তার কাছে সুর করাটাও অনেক আনন্দের বিষয় বলেই জানান তিনি।