বিশ্বকাপে এবার নতুন চমক। সুপার বোলের আদলে বিশ্বকাপ ফাইনালের বিরতিতে এই প্রথম জাঁকজমকপূর্ণ কনসার্ট অনুষ্ঠিত হবে, যা এর আগে কোনো বিশ্বকাপের বিরতিতে হয়নি। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাঝপথে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা। ম্যাডোনা থেকে শাকিরা-কে নেই সেই তালিকায়। কানাডার পপতারকা জাস্টিন বিবারও পারফর্ম করবেন। সব মিলিয়ে থাকবে ১১ মিনিটের অনুষ্ঠান।

ফুটবল বিশ্বকাপের থিম সঙের সঙ্গে সমার্থক হয়ে গেছে শাকিরার নাম। ‘ওয়াকা ওয়াকা’ থেকে শুরু করে লা লা-বিশ্বকাপের অবিস্মরণীয় সব থিম সং উপহার দিয়েছেন শাকিরা। এবারও তার ‘দাই দাই’ জনপ্রিয় হয়েছে। ফাইনালে আবারও পারফর্ম করবেন তিনি। ‘দাই দাই’য়ে শাকিরার সঙ্গে গলা মিলিয়েছেন বার্না বয়। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিল শাকিরা-বার্না বয় জুটি। আবার ফাইনালে শোনা যাবে তাদের সুরের জাদু।

অনুষ্ঠানে থাকবে ধ্রুপদী সংগীতের মূর্ছনাও। বিখ্যাত অর্কেস্ট্রা শিল্পী গুস্তাভো দুদামেল এবং তার টিম পারফর্ম করবে ফাইনালের মঞ্চে। ভেনেজুয়েলার এই প্রবীণ শিল্পী এই প্রথম পারফর্ম করবেন বিশ্বকাপের মঞ্চে। তাদের সঙ্গে বড় চমক হিসাবে থাকবেন জাস্টিন বিবার।