আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, লামিনে ইয়ামাল এতটাই অসাধারণ একজন ফুটবলার যে, স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে সুযোগ থাকলে তাকে তার ঘরেই তালাবদ্ধ করে রাখতে চাইতেন।
স্পেনের আক্রমণভাগে ইয়ামাল হতে পারেন ম্যাচের ভাগ্য নির্ধারণকারী খেলোয়াড়। ১৯ বছর বয়সী এই বার্সেলোনা উইঙ্গার দুই বছর আগে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কিন্তু সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পর এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি তিনি। ফলে এবারের বিশ্বকাপে এখনো নিজের বিধ্বংসী সেরা ফুটবল খেলতে দেখা যায়নি তাকে।
তবে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন ইয়ামাল। তিনি একটি পেনাল্টি আদায় করে স্পেনকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন। এছাড়া সেই ম্যাচে তার করা দুর্দান্ত আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইয়ামালকে থামানোর উপায় সম্পর্কে স্কালোনি মজা করে বলেন, ‘ইয়ামালকে কীভাবে থামাব? ইচ্ছে হয় লামিনেকে তার ঘরেই তালাবদ্ধ করে রাখি! লামিনে ইয়ামাল সত্যিই অসাধারণ একজন ফুটবলার। এই ছেলেটি ফুটবলের জন্য এক অমূল্য সম্পদ। সে এখনও খুবই তরুণ এবং সামনে তার দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে।’
আরএএইচইউএল/এমএমআর








