ফরিদপুর শহরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (১ আগস্ট) রাতে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গুহ লক্ষ্মীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন শাহিন মোল্লার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় শাহিনের শয়নকক্ষ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। শাহিন ওই এলাকার মৃত তারা মোল্লার ছেলে।র‍্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ আগে থেকেই তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।