চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মালামাল বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে মিনহাজ (১৩) নামে এর কিশোর চালক নিহত হয়েছে। এ ঘটনায় সাইম (১৪) নামে আরও এক কিশোর আহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজারসংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা মনসুরের ছেলে। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নয়াহাট বাজার থেকে ডেকোরেশনের মালামাল নিয়ে ট্রলিটি কাশেম চেয়ারম্যানের বাড়ির দিকে যাচ্ছিল। পথে একটি বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দুই কিশোর।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য রুমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডেকোরেশনের মালামাল নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কিশোর চালক মিনহাজের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ