নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বত্তরা। সোমবার রাত ৩টায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তর্র্বর্তী সরকারের ৫ উপদেষ্টা উপস্থিত ছিলেন। এরপর দেশের অন্য জেলাতেও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়। প্রতিটি স্মৃতিস্তম্ভে গণ-অভ্যুত্থানে শহীদদের নাম লেখা রয়েছে। উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে এই স্মৃতিস্তম্ভের পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, রাতে মোটরসাইকেলে করে ২-৩ জন দুষ্কৃতকারী এসে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর চেষ্টা করে। আগুন ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে স্মৃতিস্তম্ভের পাশে একটি কাপড়ে আগুন লাগে। তবে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্পে ডিউটিরত পুলিশ সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্মৃতিস্তম্ভের কোনো ক্ষতি হয়নি।

আমরা সিসিটিভির ফুজেট সংগ্রহ করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি দ্রুত তাদের আইনের আওতায় আনতে সক্ষম হব।