ভালোবাসার সম্পর্ক মানে কখনোই ঝগড়া হবে না—এমন ধারণা ভুল, অস্বাভাবিক। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সুস্থ সম্পর্কের অন্যতম লক্ষণ হলো মতবিরোধকে সম্মানজনকভাবে সামলাতে পারা। সমস্যা ঝগড়ায় নয়, সমস্যা হয় ঝগড়ার ধরনে। দম্পতি থেরাপিস্টদের মতে, কিছু ছোট অভ্যাস বদলালেই ঝগড়া সম্পর্কের ক্ষতি না করে বরং সম্পর্ককে আরও গভীর করতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ‘ফাউল’ না করে ঝগড়া করার ১২টি স্বাস্থ্যসম্মত উপায়।
১. ঝগড়ার সময় ঠিক করুন
হঠাৎ আবেগের বশে তর্ক শুরু না করে দুজনই মানসিকভাবে প্রস্তুত থাকলে তবেই কথা বলুন। কথা বলার জন্য নির্দিষ্ট একটি জায়গা বেছে নিন। চা, কফি বা হালকা কোনো স্ন্যাকস নিয়ে কথা বলতে বসুন। তাতে ঝগড়ার জন্য একটা ইতিবাচক আবহ তৈরি হবে।
২. আগে থেকেই নিয়ম ঠিক করুন
গালাগাল, অপমান, বিদ্রূপ বা একে অপরের অনুভূতিকে ছোট করা—এসব না করার ব্যাপারে আগে থেকেই একমত হোন।
৩. ধীরে কথা বলুন
রাগের সময় দ্রুত কথা বললে কেউই ঠিকমতো শুনতে পায় না। গতি কমান, কণ্ঠস্বর নরম রাখুন।
৪. বিচারক নয়, অনুসন্ধানী হোন
‘তুমি এটা কীভাবে করতে পারলে?’ বলার বদলে জিজ্ঞাসা করুন, ‘তুমি তখন কী ভাবছিলে?’ কৌতূহল সম্পর্ককে কাছাকাছি আনে।
দাম্পত্য জীবনে ঝগড়ার পর কী করবেন, কী করবেন না৫. অনুভূতি প্রকাশ করুন
‘আমি খুব রেগে আছি’ না বলে বলতে পারেন, ‘আমি তোমার অমুক আচরণে খুব কষ্ট পেয়েছি’। যুক্তি দিয়ে কথা বলুন। এতে কথোপকথন সহানুভূতিশীল ও কম সংঘাতপূর্ণ হয়।
৬. আসল সমস্যাটি খুঁজুন
সব ঝগড়াই বাসন, কাপড় বা ছোটখাটো বিষয় নিয়ে নয়; অনেক সময় এর পেছনে থাকে অবহেলা, অসম্মান বা নিরাপত্তাহীনতার মতো গভীর অনুভূতি।
৭. স্পর্শের শক্তি ব্যবহার করুন
পরিস্থিতি উপযুক্ত হলে হাত ধরা, কাঁধে হাত রাখা বা পাশে বসা দুজনকেই শান্ত হতে সাহায্য করে।
৮. প্রয়োজনে চোখে চোখ না রেখেও কথা বলুন
হাঁটতে হাঁটতে বা পাশাপাশি বসে কথা বললে অনেকের জন্য কঠিন বিষয় বলা সহজ হয়। মুখে বলতে না পারলে সুন্দর করে লিখেও নিজের আবেগ, অনুভূতির কথা প্রকাশ করতে পারেন।
৯. বিরতি
আলোচনা বেশি উত্তপ্ত হয়ে গেলে কিছু সময়ের বিরতি নিন। যেকোনো একজন বাইরে থেকে ঘুরে আসতে পারেন বা বিরতি নিয়ে খানিকক্ষণ বারান্দায় বসতে পারেন। তবে পরে অবশ্যই আলোচনায় ফিরুন।
১০. আগে শুনুন, পরে উত্তর দিন
সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। তাঁর কথা শেষ হলে তবেই নিজের কথা বলুন। এতে দুজনই দুজনের কথা শুনতে পারবেন এবং ভুল–বোঝাবুঝি কমবে।
কফির মতো হলে যেভাবে আপনার জীবন বদলে যেতে পারে১১. পুরোনো অভ্যাস বদলান
কেউ ঝগড়ার সময়ে চুপ হয়ে যান, কেউ চিৎকার করেন। তার বদলে নিজের অনুভূতি খোলামেলাভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
১২. একই দলের মানুষ হয়েই শেষ করুন
সব সমস্যার সমাধান একদিনে না-ও হতে পারে। তবু দিনের শেষে মনে করিয়ে দিন, ‘আমি এখনো তোমাকে ভালোবাসি। আজ না হলে কাল আমরা আবার কথা বলব। আমরা দুজনে মিলেই সমস্যাটির সমাধান করব।’
শেষ কথা
ঝগড়ার মধ্যেও একে অপরকে সম্মান করুন। একে অপরের কথা মন দিয়ে শুনুন। আর সমাধানের পথ খুঁজুন। ঝগড়া শেষে যেন আপনারা দুজন একপক্ষ আর সমস্যাটি অন্যপক্ষ হয়, সেটি নিশ্চিত করুন।
সূত্র: টাইম
‘আমি রাগ করি না’—এটা কি ভালো কিছু






