ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সড়ক দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এ ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় সড়কের কয়েকটি অংশ দিয়ে পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আকস্মিক এই পানি বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি ব্যাপক আকারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত ও ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা এখনও তাজা থাকায়, নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক ভর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও ঝুঁকিপূর্ণ অংশগুলোতে দ্রুত প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন
কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলে নিহত
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফাহাদ্দিস হোসেন জানান, ফুলগাজীর মনিপুর এলাকায় একটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে প্লাবিত হওয়া অংশটি নদীর মূল বেড়িবাঁধ নয়, বরং একটি সংযোগ সড়ক বলে উল্লেখ করেন তিনি।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া বলেন, মুহুরী নদীর পানি এখনও বিপদ সীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে মনিপুর গ্রামে বেড়িবাঁধ দিয়ে নয়, একটি সড়ক উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে বলে খবর পেয়েছি। আমরা পরিস্থিতি নজর রাখছি।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর







