বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে অন্যতম পরাশক্তি ফ্রান্স ও চমক দেখানো প্যারাগুয়ে। গ্রুপ পর্বে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পা রাখা ফরাসীদের জন্য এই ম্যাচটি সহজ হবে না, কারণ প্রতিপক্ষ প্যারাগুয়ে শক্তিশালী জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারের লড়াইয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। হাইভোল্টেজ এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে দুই দলের কোচ তাদের শুরুর একাদশ ঘোষণা করেছেন। সুইডেন ম্যাচের উইনিং কম্বিনেশনে একটি পরিবর্তন এনে আজ দল সাজিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। অনুশীলনে চোট পাওয়ার কারণে নিয়মিত মিডফিল্ডার অরেলিয়ো চুয়ামেনিকে আজকের শুরুর একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে আজ ফরাসিদের মিডফিল্ড সামলানোর দায়িত্ব পেয়েছেন মানু কোনে, আর চুয়ামেনিকে ম্যাচটি শুরু করতে হচ্ছে সাইড বেঞ্চ থেকে। ম্যাচ শুরুর আগে ফরাসি দলের প্রতিনিধিরা জানান, "অনুশীলনের চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চুয়ামেনিকে আজ শুরুতে রাখা হচ্ছে না।" আজকের ম্যাচে ফরাসিদের মূল একাদশে আছেন গোলরক্ষক মেইনিয়ান, কুন্দে, উপামেকানো, সালিবা, দিনিয়ে, কোনে, রাবিও, দেম্বেলে, ওলিসে, বারকোলা এবং দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে। অন্যদিকে, জার্মানিকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো আজ তার একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছেন। গত ম্যাচের একাদশ থেকে দামিয়ান ববাদিয়া, গ্যাব্রিয়েল আভালোস ও হোসে কানালেকে বেঞ্চে বসিয়ে আজ শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়েছে ওমার আলদেরেতে, গুস্তাভো ভেলাসকেজ এবং দিয়েগো গোমেজকে। দল ঘোষণার পর প্যারাগুয়ে শিবির থেকে জানানো হয়েছে, "জার্মানিকে হারানোর আত্মবিশ্বাস আমাদের আছে এবং ফ্রান্সের বিপক্ষে সেরা কৌশল নিয়েই তিন পরিবর্তন আনা হয়েছে।" কোয়ার্টারে ওঠার মিশনে আজ প্যারাগুয়ের হয়ে মাঠে নামছেন গোলরক্ষক গিল, কাসেরেস, ভেলাসকেজ, জি. গোমেজ, আলদেরেতে, আলোনসো, ডি. গোমেজ, কুবাস, গালারজা, আলমিরন ও এনসিসো।
বাণিজ্য
ফিলাডেলফিয়ায় ফরাসি পরীক্ষা, কোয়ার্টারের টিকিট পেতে মরিয়া প্যারাগুয়েও

শেয়ার করুন







