বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর তালিকা চেয়েছে পুলিশ। একই সঙ্গে স্বর্ণ উদ্ধারের ঘটনায় ব্যবহৃত উড়োজাহাজটি সরেজমিন পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। স্বর্ণ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশনস) শরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আমরা সংশ্লিষ্ট ফ্লাইটটি সরেজমিন পরিদর্শন করতে চাই। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, ফ্লাইটটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ক্লিনিং সেকশনের দায়িত্বপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে।