২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের ম্যাচে বিরতির সময় ড্রেসিংরুমে সতীর্থদের কড়া সমালোচনা করেছিলেন উসমান দেম্বেলে। তবে তার সেই বক্তব্য দলের কয়েকজন খেলোয়াড়ের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদপত্র লে'কিপ।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ড্রেসিংরুমে কথা বলেন দেম্বেলে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে ফ্রান্সের ফরোয়ার্ডদের সমন্বয় ছিল না এবং আক্রমণভাগের প্রেসিং ছিল সম্পূর্ণ অগোছালো।

দেম্বেলের মতে, স্পেনের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে আরও সমন্বিতভাবে প্রেসিং করতে হতো। সেই লক্ষ্যেই তিনি সতীর্থদের উদ্দেশে বক্তব্য দেন এবং দ্বিতীয়ার্ধে দলকে আরও সংগঠিত হয়ে খেলতে আহ্বান জানান।

তবে লে'কিপ দাবি করেছে, তার এই বক্তব্য সবাই ভালোভাবে নেয়নি। দলের কয়েকজন খেলোয়াড় মনে করেন, দেম্বেলে সাধারণত তখনই বিরক্তি প্রকাশ করেন, যখন তিনি নিজেই ম্যাচে সমস্যায় পড়েন। ফলে তার বক্তৃতা ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দলকে উজ্জীবিত করার উদ্দেশ্যে দেওয়া সেই বক্তব্য শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। ২২ মিনিটে মিকেল ওইয়ারজাবালের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া ফ্রান্স ৫৮ মিনিটে পেদ্রো পোরোর আরেকটি গোল হজম করে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম স্বীকার করেন, স্পেনই ছিল ভালো দল। তিনি বলেন, ‘এই পরাজয়ে খেলোয়াড়রা ভীষণ ভেঙে পড়েছে এবং স্পেন সেমিফাইনালে অতিরিক্ত কিছু দেখিয়েছে, যা তাদের দল দেখাতে পারেনি। ’

এই পরাজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। যদিও সেমিফাইনালের আগে টুর্নামেন্টে টানা ছয়টি ম্যাচ জিতেছিল তারা।

এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মিয়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। অন্যদিকে রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

আরআর/আইএইচএস/কেএএ/