বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা তার বিদায় সংবর্ধনার আয়োজন করেন। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

এসআই ছবির উদ্দিন শিকদারকে পুষ্পবর্ষণের মধ্য দিয়ে থানা থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় জানান।

অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার চাকরিজীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে গেলেন।

বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে ছবির উদ্দিন শিকদার বলেন,`বিদায় বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমাকে ভালোবাসা দিয়ে তারা কাঁদিয়ে দিয়েছে। কর্মজীবনে সবার মনের মধ্যে যে জায়গা করে নিতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই বিদায় বেলায় এতটা সম্মান পেয়েছি।'

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, `এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের একজন সিনিয়র সদস্য ছিলেন। আজকে আমাদের থানা থেকে তিনি চলে যাচ্ছেন। আসলে বিদায় বেলায় ওইভাবে কিছু বলার থাকে না। দীর্ঘ ৩৭টি বছর পরিশ্রম করেছেন, বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুখ-শান্তিতে থাকুক, সেই প্রত্যাশা করি।'

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, `এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরিজীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। চাকরিজীবনে তিনি সততার সঙ্গে জনগণের জন্য কাজ করেছেন। তাই তার প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ।'