কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম (১২) নামে আরেক শিক্ষার্থীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই এলাকার জিয়ারুল শাহের ছেলে। তারা সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাদ্রাসার ৭-৮ জন শিক্ষার্থী ভাগজোত ঘাটে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলছিল। একপর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম ভেসে যায়। তখন স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রবল স্রোতের কারণে মোস্তাকিমকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শিশু নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। নদীতে নতুন পানি আসায় ওই এলাকায় স্রোতের তীব্রতা রয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছি। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে দূরে চলে যেতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুলনায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার হবে।

এদিকে শিশু মোস্তাকিম নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ভাগজোত ঘাট এলাকায় ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। তাকে উদ্ধারের আশায় নদীতীরে অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।