সবুজ মাঠের আইন কি হোয়াইট হাউসের ড্রয়িংরুম থেকে নিয়ন্ত্রিত হতে পারে? বিশ্ব ফুটবলের চিরন্তন সৌন্দর্য আর নিয়ম-নীতির দেয়ালে কি তবে রাজনীতির কালো মেঘের ছায়া নেমে এলো? চলমান ফিফা বিশ্বকাপে এমন এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যা ফুটবল ইতিহাসের সমস্ত সমীকরণ ও নৈতিকতাকে এক লহমায় ওলটপালট করে দিয়েছে।যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিলের পেছনে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রভাব খাটানোর স্বীকারোক্তি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। মাঠের লড়াই শুরুর আগেই ক্ষমতার এই নগ্ন প্রদর্শন ফুটবলকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।ফোনের ওপারে ট্রাম্প, এপারে ইনফান্তিনো: সবুজ মাঠে ‘সাদা বাড়ির’ ছায়াবসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ২৫ বছর বয়সী মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠের বাইরে থাকার কথা ছিল। কিন্তু পর্দার আড়ালে ঘটে যায় অন্য এক নাটক। ফিফা প্রধান জান্নি ইনফান্তিনোর সঙ্গে নিজের ফোনালাপের কথা স্বীকার করে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, "আমার মনে হয়েছিল দুজন দুর্দান্ত অ্যাথলেট একে অপরের সাথে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিল। আমার মনে হয় নিষেধাজ্ঞা বহাল থাকলে এটি টুর্নামেন্টে বড় একটা এক কলঙ্ক হয়ে থাকত। আমি তো আর তাদের নির্দেশ দিতে পারি না কী করতে হবে। আমার বিশ্বাস ফিফা নিজে এই সিদ্ধান্ত নেয়নি, তাদের স্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আর এটাই ছিল একদম সঠিক সিদ্ধান্ত।" এই ফোন কলের পরই নাটকীয়ভাবে বালোগানের শাস্তি আগামী ১২ মাসের জন্য স্থগিত করে ফিফা।এপ্রিল ফুল দিবস নাকি ফুটবল! ক্ষোভে ফেটে পড়ল বেলজিয়ামফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তে স্তম্ভিত ও ক্ষুব্ধ প্রতিপক্ষ বেলজিয়াম। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে ব্যঙ্গ করে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেন, "আমি জানতাম না, ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে! অর্থাৎ আজ বুঝি এপ্রিল ফুল দিবস।" ফুটবলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনের পক্ষ নিচ্ছি না। আমরা ফুটবল, এর নৈতিকতা এবং সততা রক্ষার জন্য কথা বলছি।"রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, তারা সম্ভাব্য সব আইনি পদক্ষেপ খতিয়ে দেখছে এবং ফুটবলের সামগ্রিক স্বার্থ রক্ষায় এই লড়াই চালিয়ে যাবে। তবে মাঠের লড়াইতে এর কোনো প্রভাব পড়বে না জানিয়ে গোলকিপার থিবো কোর্তোয়া বলেন, "আমাদের জন্য কিছুই বদলায়নি। যে-ই খেলুক, আমরা মাঠে জিততেই নামব।"রেড লাইন ক্রসের অভিযোগ উয়েফা ও টুখেলের, কাঠগড়ায় ফিফাফিফার এই বিতর্কিত সিদ্ধান্তকে ফুটবলের ‘সব সীমা লঙ্ঘন’ বা ‘রেড লাইন ক্রস’ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অন্যদিকে, মেক্সিকোর বিপক্ষে নিজের দলের খেলোয়াড় লাল কার্ড পাওয়ায় ক্ষুব্ধ ইংল্যান্ডের হেড কোচ টমাস টুখেল প্রশ্ন তোলেন, "আমার প্রশ্ন হলো, এই ক্ষমার সীমারেখাটা আসলে কোথায় টানা হবে? আমার কাছে এর কোনো উত্তর নেই। এখন থেকে কি একটা হলুদ কার্ড ভুল মনে হলেও আমরা আপিল করব? এটা লাল কার্ড নাকি লাল কার্ড নয়, তা নির্ধারণ করবে কে? এর শুরু কোথায় আর শেষই বা কোথায়? এটাই আমার প্রশ্ন।"১৯ শতকের ফুটবল ইতিহাসে মাত্র একবার ১৯৬২ সালে ব্রাজিলের গারিঞ্চার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল, যা ছিল চরম রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ। আজ সিয়াটলে যখন যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে মুখোমুখি হবে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন জাগবে, ফুটবল কি তবে আজ থেকে শুধুই শক্তিশালীদের খেলার পুতুল হয়ে রইল?