ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এই অবকাঠামো নির্মাণ করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নানা কারণে এই ফুটওভার ব্রিজগুলো এখন নগরবাসীর প্রয়োজন মেটাতে পারছে না। প্রথমত, এসব ফুটওভার ব্রিজ পথচারীবান্ধব করে তৈরি করা হয়নি। বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি এসব ব্রিজ ব্যবহার করতে খুবই সমস্যায় পড়েন। এসব স্থানে নিরাপত্তাগত সমস্যাও রয়েছে। মিরপুর, ফার্মগেট, বিজয় সরণি, নয়াবাজার, মতিঝিলসহ রাজধানীর অতিগুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার নির্মাণ করা ফুটওভার ব্রিজগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এসব ব্রিজে মাদকসেবীদের অবাধ আড্ডা ও মাদক কেনাবেচা শুরু হয়ে যায়। সন্ত্রাসীদের আনাগোনাও দেখা যায় অনেক স্থানে। এ ভয়াবহ পরিস্থিতিতে এড়াতে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মহাসড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বৃদ্ধি করছে। শহরে বসবাসকারী সাধারণ মানুষের জন্য রাস্তা ও ফুটওভার ব্রিজগুলো যদি নিরাপদ করে দেওয়া যায়, তাহলে দুর্ঘটনা অনেকটা এড়ানো সম্ভব। ফুটওভার ব্রিজগুলোয় পর্যাপ্ত আলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। প্রতিটি ফুটওভার ব্রিজ সিসি ক্যামেরার নজরদারির আওতাভুক্ত করাও জরুরি।

সাব্বির হোসেন মিরাজ, শিক্ষার্থী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল