রংপুরের পীরগাছায় স্টেডিয়াম নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে জনতার সড়ক অবরোধের ঘটনার পর প্রশাসন তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন ও কার্যাদেশ (সিডিউল) অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন নির্মাণাধীন স্টেডিয়াম এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।পরিদর্শনকালে স্থানীয়রা ইউএনওর কাছে অভিযোগ করেন, প্রকল্পে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছে। অভিযোগের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারপক্ষের লোকজন হামলা চালায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকল্পের সিডিউল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'এর আগে শুক্রবার (১৭ জুলাই) স্থানীয়দের অভিযোগের পর উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, কেবল সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেই হবে না, স্বাধীন কারিগরি কমিটির মাধ্যমে নির্মাণকাজের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে জিএমএনএন্ডবিসি (জেভি) পাকুরিয়া রাজবাড়ী সদর, রাজবাড়ী পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কথা। কিন্তু চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বিক্রি করায় বর্তমানে বাস্তবায়ন করছেন মুনতাহা বিল্ডার্স নামের একটি ফার্ম।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নির্মাণমান নিয়ে প্রশ্ন থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজনীতি
পীরগাছা স্টেডিয়ামে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু

শেয়ার করুন







