চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থসংকটে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল ফাতেমা খানমের। দীর্ঘ দিনের স্বপ্ন, অধ্যবসায় আর শ্রম বিফলে যাওয়ার আশঙ্কায় মুষড়ে পড়েছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেয়েটি। বিষয়টি জানাজানি হলে তাঁর পাশে দাঁড়ান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ফাতেমা খানমের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভবিষ্যতে ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন হলে তখনো সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

স্বপ্ন পূরণের পথটি মসৃণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমা।

নাটোর-১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানবিক কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এলাকার মানুষ ফাতেমার চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেওয়ায় ফারজানা শারমীন পুতুলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।