অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত সরকার দেশের উন্নয়ন ব্যবস্থাকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নিম্ন বাস্তবায়ন হার। অধিকাংশ প্রকল্পই অত্যন্ত ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার কারণে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে যেসব বড় বাধা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে ইতোমধ্যেই সভা করা হয়েছে। যাতে প্রকল্পগুলোর বাস্তবায়ন হার শতভাগের কাছাকাছি নেওয়া যায়। এজন্য প্রয়োজন কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা ও কাঠামোগত সংস্কার। পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গতি বাড়ানোর নানামুখী পদক্ষেপ আলোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যরা এলাকাভিত্তিক জনগণের চাহিদাকে যেভাবে অনুধাবন করেন, তার ওপর ভিত্তি করে জনস্বার্থে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। উন্নয়ন প্রকল্প তৈরির ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে জনগণের অধিকার ও প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।
এর আগে, প্রধান অতিথি হিসেবে তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দের আওতায় ১৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র (হারমোনিয়াম ও তবলা) এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
পরে পৌরসভা মিলনায়তনে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের অর্থায়নে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৯১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রুবেলুর রহমান/কেএইচকে







