নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা নওশীন টুশি। শিরোনাম ‘জান পাখিরে প্রাণ পাখিরে। এটি লিখেছেন শফিক তুহিন ও প্লবন কুরাইশী। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। টুশির সঙ্গে গেয়েছেনও তিনি। এরইমধ্যে গানটির অডিওর পুরো কাজ শেষ হয়েছে বলে জানান টুশি। শিগগিরই এর মিউজিক ভিডিওর কাজ শেষে প্রকাশ করা হবে একটি ইউটিউব চ্যানেলে। টুশি বলেন, ‘গানের কথা আমার কাছে খুব ভালো লেগেছে। সুরও ভীষণ মিষ্টি। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ তিনি আরও জানান, গত ২১ এপ্রিল তার বাবা মারা যায়। এরপর অনেক স্টেজ শোতে গান গাইবার প্রস্তাব এসছিল। কিন্তু তিনি তখনো মানসিকভাবে স্টেজ শোতে গান গাইবার জন্য প্রস্তুত ছিলেন না। এ প্রসঙ্গে টুশি বলেন, ‘আব্বু মারা যাওয়ার পর এতটাই ভেঙে পড়েছি যে কোনোকিছুই আসলে ভালো লাগছিল না। তাই কোনো শোতেও গাইবার ইচ্ছা হয়নি। তবে কিছুদিনের মধ্যে ফেরার ইচ্ছা আছে।’ উল্লেখ্য, ২০২৩ সালে চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন টুশি।