আগামী প্রজন্মকে পরিবেশের ‘ফুসফুস’ গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাত্রা শুরু করেছে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে ‘গাছগাছালির গল্পকথা’ শীর্ষক একটি ব্যতিক্রমী ন্যাচার ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ক্যাম্পে ৫-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও।

আয়োজনের শুরুতে বিভিন্ন মজার কার্যক্রমের মাধ্যমে শিশুরা একে অপরের সঙ্গে পরিচিত হয়। এরপর তাদের রমনা পার্কের বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের নোটপ্যাডে বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে সেগুলোর নাম ও বৈশিষ্ট্য লেখে। পাশাপাশি পাতা দেখে আঁকাআঁকির মতো সৃজনশীল কার্যক্রমেও তারা মেতে ওঠে।

আয়োজকেরা জানান, বর্তমানে পাঠ্যবইয়ের বাইরে শিশুদের সময়ের বড় একটি অংশ কাটছে মোবাইল, ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের পর্দায়। তাদের এই স্ক্রিননির্ভরতা থেকে দূরে এনে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেই এ উদ্যোগ। প্রকৃতিকে ভালোবাসতে ও রক্ষা করতে হলে শিশুদের ছোটবেলা থেকেই প্রকৃতিকে চিনতে হবে। সে লক্ষ্যেই চার দেওয়ালের বাইরে এ উন্মুক্ত পাঠশালা।

আরও পড়ুন

পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পরিবেশ অলিম্পিয়াড

ক্যাম্পে শিক্ষার্থীদের প্রকৃতিবিষয়ক পাঠ দিতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সাবেক প্রধান বোটানিস্ট শামসুল হক, উদ্ভিদবিদ ও স্থপতি তুঘলক আজাদ মিঠু, পরিবেশবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় এবং খাদিজা বাপ্পী। গল্প, পর্যবেক্ষণ ও হাতেকলমে নানা কাজের মাধ্যমে তারা শিশুদের কাছে গাছ, পাতা, ফুল ও প্রকৃতির নানা বিষয় সহজভাবে তুলে ধরেন।

pathshala

ক্যাম্পে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। তারা বলেন, ‘শিশুদের মানসিক বিকাশ, পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রকৃতিপাঠ পাঠশালার উদ্যোক্তা ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল বলেন, ‘আমাদের সন্তানরা প্রকৃতির প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক। প্রকৃতির সঙ্গে সখ্যই হোক তাদের মানবিক মানুষ হয়ে ওঠার প্রথম পাঠ। গতানুগতিক বইয়ের শিক্ষার গণ্ডি পেরিয়ে আনন্দ, সৃজনশীলতা, অভিজ্ঞতা আর অনুসন্ধানের মধ্য দিয়ে বিকশিত হোক তাদের মেধা ও মনন। আর সেই সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন

বিপন্ন শালবনে তারুণ্যের বৃক্ষরোপণ অভিযান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতিপাঠ পাঠশালার সহ-উদ্যোক্তা পর্বতারোহী সাদিয়া সুলতানা এবং আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমনসহ অনেকে। ‘প্রকৃতিপাঠ পাঠশালা’ মূলত ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশনের একটি শিক্ষা কার্যক্রম। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

এসইউ