তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় অভিনীত সিনেমা ‘জন নায়াগান’। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে তৈরি হয় জটিলতা, থমকে যায় মুক্তি। দীর্ঘ ৭ মাস নানা জটিলতার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ ক্যাটাগরির (প্রাপ্তবয়স্কদের সনদ) ছাড়পত্র দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, সেন্সর বোর্ড কি কি কাটছাঁটের নির্দেশ দিয়েছে— 

সিনেমাটির দৃশ্যে একটি বইয়ের প্রচ্ছদে থাকা ড. বি. আর. আম্বেদকরের ছবি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে দৃশ্যটির দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয়নি। ‘আম্বেদকর সত্যম… টিভিকে সত্যম’ সংলাপটি পরিবর্তনের কথা বলা হয়েছে। একই সঙ্গে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’-এর সংক্ষিপ্ত রূপ ‘টিভিকে’ সিনেমাটির যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো মিউট করা হয়েছে, অথবা বদলে ফেলা হয়েছে। 

ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য সিনেমাটিতে রয়েছে। এসব দৃশ্য সম্পূর্ণভাবে মুছে ফেলতে বলা হয়েছে। ‘ভাগবতম’ ও ‘রঙ্গনাথার’ এবং দুটি অশালীন শব্দ মিউট করার নির্দেশ দেওয়া হয়েছে। চরিত্রদের মুখে উচ্চারিত ‘ওম’ শব্দটি সব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। একইভাবে ‘নিউ ইন্ডিয়া’ শব্দদ্বয়ও বাদ দেওয়া হয়েছে, যা ‘অপারেশন মেলুহা’ সম্পর্কে ব্যাখ্যা করার সময় ব্যবহৃত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নির্দিষ্ট একটি সংলাপেও সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে। 

একজন ডেপুটি কমিশনারের (ডিসি) সরকারি ব্যাজ অসম্মানজনকভাবে গড়িয়ে পড়ার দৃশ্যটি বাদ দিয়ে তার পরিবর্তে নতুন দৃশ্য সংযোজন করা হয়েছে। একজন নারীকে অসম্মানজনকভাবে নিয়ে বলা একটি সংলাপও মিউট করা হয়েছে। ‘সিলুভালিয়া’ শব্দটি মিউট করা হয়েছে এবং ‘শীলা রানী’ নামটি যেখানে যেখানে বলা হয়েছে, সেখানে তা পরিবর্তন করা হয়েছে। সবশেষে, শিশুদের আগুনে পুড়ে যাওয়ার দুটি দৃশ্যও সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। 

সব মিলিয়ে ‘জন নায়াগান’ সিনেমা থেকে মোট ২০ সেকেন্ড বাদ দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের পর গতকাল (৯ জুলাই) ‘জন নায়াগান’ সিনেমাকে প্রাপ্তবয়স্কদের সনদ দিয়েছে সিবিএফসি। সেন্সর সনদ অনুযায়ী, সিনেমাটির মোট দৈর্ঘ্য ১৮৩ মিনিট ২১ সেকেন্ড। অর্থাৎ ৩ ঘণ্টা ৩ মিনিট ২১ সেকেন্ড। 

এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স। 

*বলিউড হাঙ্গামা অবলম্বনে