কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রযুক্তিপ্রেমীদের বিষয় নয়; এটি ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চ্যাটজিপিটি। প্রথম দিকে এটি মূলত প্রশ্নের উত্তর দেওয়ার একটি টুল হিসেবে পরিচিত হলেও, নিয়মিত নতুন ফিচার যুক্ত হওয়ায় এখন এটি ব্যক্তিগত সহকারী, গবেষণা সহযোগী, লেখার সঙ্গী এমনকি পরিকল্পনা তৈরির পরামর্শক হিসেবেও কাজ করতে পারে।
গবেষণা ও তথ্য বিশ্লেষণে দক্ষ সহকারী
শুধু কোনো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর নয়, জটিল বিষয়ও সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে চ্যাটজিপিটি। ইন্টারনেট সংযোগ থাকলে সাম্প্রতিক তথ্য ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতেও তথ্য খুঁজে দিতে পারে। শিক্ষার্থী, গবেষক কিংবা পেশাজীবীদের জন্য বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ, সারসংক্ষেপ এবং তুলনামূলক ব্যাখ্যা তৈরি করাও এখন অনেক সহজ।
আরও পড়ুন
এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক
মুহূর্তেই নথি বুঝে দেয়
বড় কোনো পিডিএফ, রিপোর্ট বা অফিসের ডকুমেন্ট পড়ে গুরুত্বপূর্ণ অংশ খুঁজে বের করতে অনেক সময় লাগে। চ্যাটজিপিটিতে সেই নথি আপলোড করলে কয়েক সেকেন্ডেই মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরতে পারে। শুধু তাই নয়, নির্দিষ্ট তথ্য খুঁজে দেওয়া, বিভিন্ন নথির মধ্যে তুলনা করা কিংবা সেই নথির ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেওয়ার কাজও করতে পারে।
ছবি, স্ক্রিনশট ও হাতে লেখা নোট বিশ্লেষণ
চ্যাটজিপিটি এখন শুধু লেখাই নয়, ছবিও বুঝতে পারে। হাতে লেখা নোট, কোনো চার্ট, ডায়াগ্রাম, স্ক্রিনশট বা ছবির তথ্য বিশ্লেষণ করে সেটি সহজ ভাষায় ব্যাখ্যা করতে সক্ষম। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অফিসকর্মী সবাই এ সুবিধা কাজে লাগাতে পারেন।
দৈনন্দিন কাজের ব্যক্তিগত সহকারী
দিনের কাজ গুছিয়ে নেওয়া অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। চ্যাটজিপিটি আপনার কাজের তালিকা সাজিয়ে দিতে পারে, কোন কাজটি আগে করা উচিত তা অগ্রাধিকার অনুযায়ী জানাতে পারে। পাশাপাশি ই-মেইলের উত্তর লিখে দেওয়া, মিটিংয়ের সারাংশ তৈরি, নোট গোছানো কিংবা ভ্রমণের পরিকল্পনা করতেও সাহায্য করতে পারে।
লেখালেখি ও আইডিয়া তৈরির সঙ্গী
প্রবন্ধ, প্রতিবেদন, ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা চাকরির আবেদন বিভিন্ন ধরনের লেখা তৈরি বা সম্পাদনায় চ্যাটজিপিটি কার্যকর ভূমিকা রাখতে পারে। শুধু লেখা নয়, নতুন আইডিয়া খুঁজে বের করা, শিরোনাম সাজানো কিংবা কোনো লেখা আরও আকর্ষণীয় করে তোলার পরামর্শও দিতে পারে।
ব্যবসা ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক
নতুন ব্যবসা শুরু করতে চাইলে প্রাথমিক পরিকল্পনা, সম্ভাব্য কৌশল, বিপণন আইডিয়া কিংবা লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারে চ্যাটজিপিটি। একইভাবে জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার কিংবা চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিতেও এটি কার্যকর সহকারী হতে পারে।
মেমরি ফিচারে আরও ব্যক্তিগত অভিজ্ঞতা
যদি মেমরি ফিচার চালু থাকে, তাহলে বারবার একই নির্দেশ দিতে হয় না। আপনার লেখার ধরন, পছন্দ বা পূর্বের কিছু নির্দেশ মনে রেখে ভবিষ্যতের কথোপকথন আরও স্বাভাবিক ও দ্রুত করতে পারে। ফলে একই ধরনের কাজ বারবার বোঝানোর প্রয়োজন কমে যায়।
আরও পড়ুন
চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না
তবে মনে রাখবেন
চ্যাটজিপিটি অনেক কাজ সহজ করে দিলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা জরুরি। বিশেষ করে চিকিৎসা, আইন, আর্থিক সিদ্ধান্ত বা সংবেদনশীল বিষয়ে কেবল এআইয়ের উত্তরের ওপর নির্ভর না করে নির্ভরযোগ্য সূত্র বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে চ্যাটজিপিটি শুধু একটি চ্যাটবট নয়, বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি হতে পারে পড়াশোনা, কাজ এবং ব্যক্তিগত জীবনের এক নির্ভরযোগ্য ডিজিটাল সহকারী।
সূত্র: দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস
কেএসকে




